গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালের পানিতে তলিয়ে গেছে। 

আজ রবিবার (১৪ জুন) ভোরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ভোরের আলো ফোটার পরপরই হঠাৎ একটি বিকট ও কানফাটানো শব্দে কেঁপে ওঠে পুরো পাঁচুরিয়া এলাকা। শব্দের উৎস খুঁজতে স্থানীয় বাসিন্দারা দ্রুত খালের পাড়ের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, শহরের গুরুত্বপূর্ণ পাঁচুরিয়া এলাকার বেইলি ব্রিজটি মাঝখান থেকে ভেঙে সম্পূর্ণ ধসে পড়েছে এবং একটি মালবাহী ট্রাক উল্টে খালের পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নিজস্ব উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের মাল বোঝাই করে ট্রাকটি ব্রিজের ওপর ওঠার কারণেই জরাজীর্ণ বেইলি ব্রিজটির মাঝের অংশ ভেঙে ধসে পড়ে।

এই দুর্ঘটনায় ট্রাকে থাকা চালক ও তাঁর সহকারী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে, বেইলি ব্রিজটি ভেঙে পড়ার কারণে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং খালের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের হাজার হাজার মানুষ।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরেই এই বেইলি ব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

গোপালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি জনাব মো. শাহিন মুন্সি সকালবেলা-কে বলেন, “ইতোপূর্বে এই বেইলি ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা ও সংস্কারের দাবি জানিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অদ্যবধি তা আলোর মুখ দেখেনি। যদি যথাসময়ে এই ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হতো, তবে আজকের এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি সহজেই এড়ানো যেত।”

পিসিবি/সকালবেলা

মন্তব্য করুন