মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথের রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে ওই পথে সাময়িকভাবে ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেললাইনের ভাঙন শনাক্ত হয়। রেলওয়ে সূত্র জানায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয় এবং দ্রুতগামী ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়। সাময়িকভাবে চটের বস্তা গুঁজে ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহী-১ অঞ্চলের দায়িত্বরত মেট মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার পর রাত ৯টার দিকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা