আগামীকাল আরজাবাদ মাদ্রাসায় বক্তব্য রাখবেন দেওবন্দের মুহতামিম

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
আগামীকাল আরজাবাদ মাদ্রাসায় বক্তব্য রাখবেন দেওবন্দের মুহতামিম

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: রাজধানীর মিরপুরস্থ 'জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ'-এর উদ্যোগে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) বিকেল ৩টায় এক আত্মশুদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জামিয়া আরজাবাদ মিলনায়তনে “আকাবিরে দেওবন্দের মানহাজের আলোকে আত্মশুদ্ধি ও আত্মগঠন” শীর্ষক এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠান উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মাওলানা বাহাউদদীন যাকারিয়া বলেন, বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক অবক্ষয়, আত্মিক শূন্যতা এবং মূল্যবোধের সংকট ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আকাবিরে দেওবন্দের ত্যাগ ও আদর্শের আলোকে আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং দ্বীনি মূল্যবোধে উজ্জীবিত হওয়ার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ব্যক্তি ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য আত্মিক উন্নয়নের বিকল্প নেই। দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী চিন্তাবিদ এবং ধর্মপ্রাণ মুসলমানদের এই তাৎপর্যপূর্ণ সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন