সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের বেসরকারি ‘ব্লিস হাসপাতাল’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলা ও কক্ষে আটকে পড়া রোগীসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনে হঠাৎ এই আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটিং ইউনিট ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন। যৌথ বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে ভবনে চিকিৎসাধীন রোগীদের একে একে নামিয়ে আশঙ্কামুক্ত ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই জরুরি অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আগুন নেভাতে সহায়তার পাশাপাশি রোগী উদ্ধার ও হাসপাতালসহ পার্শ্ববর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্রুত উদ্ধার তৎপরতা চালানোয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন