পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সচিবালয়ে পানি ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে একদল বিশিষ্ট পরিবেশ, পানি ও প্রকৌশল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর নেতৃত্বে সংশ্লিষ্ট খাতের গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পরিবেশ প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে দেশের পানি খাত ও নগর ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং তা উত্তরণের কৌশলগত সুপারিশসমূহ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

বৈঠকে বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ, পানি শোধনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে দেশের মরে যাওয়া খালসমূহ উদ্ধার ও পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা নিশ্চিতকরণ, উন্নত নগর ড্রেনেজ ব্যবস্থা, ব্যবহৃত বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের (রেইন ওয়াটার হার্ভেস্টিং) আধুনিক সমাধান নিয়ে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে অপরিকল্পিত দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে পানিভিত্তিক নগর পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিশেষজ্ঞদের বক্তব্য ও অভিজ্ঞতা মনোযোগের সঙ্গে শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “নাগরিকদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ, টেকসই নগর অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিক। বিশেষজ্ঞদের এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন।

এছাড়াও বিশেষজ্ঞদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান।

মন্তব্য করুন