ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২, আহত ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকার মো. এনতাজ আলীর ছেলে মো. ভাষানী (২৮) এবং দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদাবাদ ইউনিয়নের মেরাগাছী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. আহসান হাবিব (৩৫)। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সালন্দর শিংপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আব্দুস সামাদ (৬২)

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর মোড় এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও মাহেন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. ভাষানীকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মো. আহসান হাবিবও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে দুই জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন