যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ছবি: সংগৃহীত)

দেশের সার্বিক রাজনৈতিক গতিধারা ও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলীয় ফোরামে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই রাষ্ট্রপতি পদে উপযুক্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, "রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোনো অনিশ্চয়তার অবকাশ নেই, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে।"

সামনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বা শর্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাধীন নির্বাচন কমিশন। তবে এ বছরের শেষে সম্ভব না হলেও আগামী ২০২৭ সালের শুরুর দিকেই পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা হবে।"

কৃষিখাত ও সাধারণ প্রান্তিক কৃষকদের স্বস্তির খবর জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার কৃষির বৈপ্লবিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ সম্পূর্ণ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পিছিয়ে পরা রংপুর অঞ্চলের কৃষি কাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ সরকারি বরাদ্দ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করতে সম্ভাব্য সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

বিরোধী ও সমালোচকদের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, "বিএনপি একটি খাঁটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সুনির্দিষ্ট ভালোবাসা ও রায়ে সংসদে দুই-তৃতীয়াংশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছি। এর আগেও বিএনপি পাঁচবার দক্ষতা ও সুনামের সাথে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকার সম্পূর্ণ কৃষিবান্ধব ও জনগণের সরকার। ফলে বিএনপিকে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফ্যাসিবাদী বলে আখ্যা দেয়, নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক জ্ঞানের মারাত্মক ঘাটতি রয়েছে অথবা তাদের মানসিক গড়ন সেভাবেই তৈরি হয়েছে।"

উদ্বোধনী কার্যক্রম শেষে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাজের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন