শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সবুজবাগে প্রাইভেট পড়তে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সবুজবাগ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলমগীর হোসেন উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরে একটি বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, প্রাইভেট পড়ানোর সময় তিনি ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 অনুসন্ধানে জানা গেছে, আলমগীর হোসেন এর আগে শ্রীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সেখানে থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে ওই প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি ভাড়া বাসায় কোচিং চালিয়ে আসছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন