ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কিশোরগঞ্জে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা
বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ গণভোটের পথে এগিয়ে যাচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে শিল্প উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা সফরে এসে ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদ সোহেল রানার মাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জুলাইয়ে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের পক্ষে যারা শক্তি ছিল, তারা ইতোমধ্যে পালিয়ে গেছে। অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এই গণভোট জুলাই-আগস্টে যারা আত্মত্যাগ করেছেন তাদের, যারা সহযোদ্ধা ছিলেন তাদের এবং যাদের উদ্যোগে জুলাই সনদ প্রণীত হয়েছে তাদের গণভোট। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় রয়েছে, তাই জনগণ গণভোটের পক্ষেই অবস্থান নেবে।” তিনি আরও বলেন, “এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নের দায়িত্বও ছাত্র-জনতার সঙ্গে নিয়েই সরকার কাজ করছে। ইনশাল্লাহ আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে।”
এরপর বেলা ১১টার দিকে শিল্প উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় গণভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ