ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়ায় শ্রমিক রিপন সাহাকে নৃশংসভাবে গাড়িচাপা দিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়।
ঘাতকদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ জানুয়ারি ভোররাতে করিম ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিল একটি গাড়ি।
এসময় শ্রমিক রিপন সাহা পাওনা টাকা চাইতে গেলে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত গাড়ির মালিক আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করলেও ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দ্রুততম সময়ে ফাঁসি কার্যকরের দাবি তুলেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল ইসলাম বলেন, রিপন সাহা তাদের সহপাঠী ছিলেন এবং অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সামান্য কিছু টাকার জন্য একজন মানুষকে এভাবে পিষে মারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
অপর বক্তা সাইমুর রহমান সিয়াম বলেন, জনসমক্ষে এমন নৃশংস ঘটনার পরও বিচারের জন্য রাজপথে নামতে হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চেয়ে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ