ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: মিয়ানমারের জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের রেশ এবার বাংলাদেশের আকাশসীমায় এসে পৌঁছেছে। সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের সার্বভৌম আকাশসীমায় অজ্ঞাত ড্রোন উড়তে দেখায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল ও সবুজ রঙের বাতি প্রজ্জ্বলিত দুটি ড্রোন উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে উড়ে এসে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। দীর্ঘক্ষণ দ্বীপে অবস্থানরত মানুষের মাথার ওপর দিয়ে এগুলো চক্কর দেয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে ড্রোন দুটি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এগুলো মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে এসেছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই ড্রোন পরিচালনার সাথে জড়িত থাকতে পারে। এটি আমাদের সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয়।"
দ্বীপের বাসিন্দা ওমর ফারুখ জানান, সন্ধ্যার পর আকাশে অদ্ভুত রঙের আলো দেখে স্থানীয়রা জড়ো হন। ড্রোনের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি দ্বীপে দায়িত্বরত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
স্থানীয়দের দাবি, মিয়ানমারে জান্তা সরকারের সাথে বিদ্রোহীদের অভ্যন্তরীণ সংকট শুরু হওয়ার পর থেকেই সেন্টমার্টিন সংলগ্ন মেরিন জোন ও আকাশসীমায় রহস্যজনক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে বাংলাদেশের আকাশসীমায় অবৈধভাবে ড্রোন ওড়ার ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন তারা। নিরাপত্তার স্বার্থে দ্রুত অনুসন্ধান চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেন্টমার্টিনবাসী।
বর্তমানে দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ