পলাশে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে মামুন মিয়া (২৫) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া ওই গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দুদিন আগে প্রতিবেশী ইসমাইলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি গাছ থেকে ডাব পাড়ান। পরে কিছু ডাব মামুন নিজের কাছে রাখলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে সামাজিকভাবে আপস-মীমাংসা করা হলেও আজিজুর তা মেনে নেননি।

আজ শুক্রবার সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আজিজুর। এরপর আজিজুর, তার ভাই হযরত আলীসহ পরিবারের সদস্যরা দা ও চাপাতি দিয়ে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন