কয়রায় সুপেয় পানির সংকট নিরসনে সংলাপ ও র‍্যালি অনুষ্ঠিত

কয়রায় সুপেয় পানির সংকট নিরসনে সংলাপ ও র‍্যালি অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা কয়রায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি, উপজেলা পর্যায়ে সংলাপ ও ২১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কয়রা সদর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা 'লিডার্স'-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

সকালে একটি র‍্যালি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়রাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি ও পুকুরের পানি সংরক্ষণ, খাল পুনঃখনন এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বক্তারা আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে অকেজো স্লুইসগেট সংস্কার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন কয়রা থানার এসআই মোঃ তারিক মাহমুদ, লিডার্সের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর শাকিল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপকূলীয় মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও লিডার্সের প্রতিনিধিরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন