রাজশাহীতে সড়ক থেকে পিস্তল সদৃশ বস্তু উদ্ধার

রাজশাহীতে সড়ক থেকে পিস্তল সদৃশ বস্তু উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে জনাকীর্ণ এলাকায় এই রহস্যজনক বস্তুটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় এক নারী পথচারী প্রথম বস্তুটি পড়ে থাকতে দেখেন। তিনি ভয় পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে কৌতুহলী জনতা সেখানে ভিড় করে। এসময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ঘটনাস্থলে গিয়ে বস্তুটির অবস্থান নিশ্চিত করেন।

শিক্ষার্থী শান্ত বলেন, “এক মহিলা আমাকে পিস্তল পড়ে থাকার কথা বললে আমি পা দিয়ে সেটি একটু সরালে স্পষ্ট দেখতে পাই। সাথে সাথে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিই।”

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পিস্তল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি জানান, “উদ্ধার করা বস্তুটি দেখতে হুবহু পিস্তলের মতো। তবে এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি খেলনা বা অন্য কিছু, তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। জনমনে আতঙ্ক ছড়াতে বা অন্য কোনো উদ্দেশ্যে কেউ এটি ফেলে রেখে যেতে পারে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বস্তুটি কে ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন