ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বি.এম. সেবাব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়নের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ইউনিয়নের বাবুর হাট বাজার সংলগ্ন তালীমুল কোরআন নূরানী মাদ্রাসা মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাবুর হাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান পরিচালক জালাউদ্দিন রানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম. সেবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বি.এম. সেবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল এবং ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের সচিব আবু ইউচুপ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তীব্র শীতে গ্রামাঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বি.এম. সেবাব ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এলাকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচি শেষে ৩নং চর মোহনা ইউনিয়নের ১০০টি নির্বাচিত শীতার্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেওয়া হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ