ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে সীমান্তপথে তেল পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ৭টি বিওপিসহ মোট ২৯টি বিওপি এবং ৫টি বিশেষ ক্যাম্পে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা যাতে বিশেষ কৌশলে বোতল বা জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে পাচার করতে না পারে, সেজন্য সীমান্তজুড়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসাথে জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম বা পাচারের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ