ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমাম হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও লাইভে এসে এক জ্যেষ্ঠ সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে রায়পুর থানায় এই জিডি করেন ভুক্তভোগী সাংবাদিক তাবারক হোসেন আজাদ (৪৫)। তিনি দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
জিডি সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা ও পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ভূঁইয়া ওরফে দুলাল ভূঁইয়া (৬৭) দীর্ঘদিন ধরে তাবারক হোসেন আজাদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট ও লাইভ ভিডিওর মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন। অভিযুক্ত দুলাল ভূঁইয়া নিজেকে মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তার বিতর্কিত রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি এলাকায় আগে থেকেই বিতর্কিত।
সাংবাদিক তাবারক হোসেন আজাদ বলেন, "দুলাল ভূঁইয়ার বিভিন্ন বিতর্কিত অডিও ও ভিডিও কে বা কারা ফেসবুকে ছড়াচ্ছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি আমাকে সন্দেহ করে আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং ফেসবুকে মানহানিকর পোস্ট করছেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আইনের আশ্রয় নিয়েছি।"
অভিযোগের বিষয়ে নুরুল আমিন ভূঁইয়া ওরফে দুলাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "ফেসবুকে ফেইক আইডি দিয়ে আমার সম্মানহানি করা হচ্ছে। আমার ধারণা, তাবারক হোসেন আজাদ এসবের নেপথ্যে জড়িত। ক্ষোভ থেকে আমি পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছি।"
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, "অনলাইনে প্রাপ্ত জিডির আবেদনটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে হুমকির ঘটনায় রায়পুরের সংবাদকর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ