তারেক রহমানের সাথে যশোর-৫ আসনের বিএনপি প্রার্থী মুফতি রশীদ আহমাদের সাক্ষাৎ

তারেক রহমানের সাথে যশোর-৫ আসনের বিএনপি প্রার্থী মুফতি রশীদ আহমাদের সাক্ষাৎ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুফতি রশীদ আহমাদ। 

রোববার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে মুফতি রশীদ আহমাদের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করা হয়। পরে এই প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে তিনি তারেক রহমানের সাথে শুভেচ্ছা আদান-প্রদান ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের এই বৈঠক অনুষ্ঠিত হয়। রশীদ আহমাদ জানান, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আলোচনায় তারেক রহমান মণিরামপুর সংসদীয় আসনের নির্বাচনী খোঁজখবর নেন। আলোচনার শুরুতে তারেক রহমান রশীদ আহমাদের মরহুম পিতার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং রশীদ আহমাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মুফতি রশীদ আহমাদ আরও জানান, তারেক রহমান তাকে নির্বাচনী মাঠে কোনো প্রকার ত্রুটি না রেখে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে মণিরামপুর আসনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সফলতার কামনা করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। এই সাক্ষাৎকে কেন্দ্র করে মণিরামপুরের তৃণমূল বিএনপি ও জোটের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন