ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী একাংশ) আসনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। ঐতিহ্যগতভাবেই এই আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার দলটির অভ্যন্তরীণ কোন্দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি বিএনপির এই প্রার্থীর জন্য জয় পাওয়া কঠিন করে তুলেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় কোন্দল নিরসন না হলে ভোটের লড়াইয়ে টিকে থাকা ডা. বাবরের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ভোটারদের কাছে টানতে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং পাড়া-মহল্লায় গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ডা. কে এম বাবর দিনরাত পরিশ্রম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ডা. বাবরের জন্য অত্যন্ত জটিল। দলের একটি বড় অংশ এখনও নির্বাচনের মাঠে সক্রিয় নয় এবং নেতৃত্বের মধ্যে বিভক্তি স্পষ্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে একজোট না হলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। মূলত আওয়ামী লীগের একক আধিপত্যের পাশাপাশি নিজেদের ঘরোয়া সমস্যা ডা. বাবরকে প্রবল চাপের মুখে ফেলেছে।
অবশ্য দলীয় কোন্দলের বিষয়টি উড়িয়ে দিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করছি। দু-একজন ব্যক্তিগত স্বার্থে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের বিজয় আটকাতে পারবে না। শরীফ রফিকুজ্জামান আরও দাবি করেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এবং বর্তমান প্রজন্মের অহংকার তারেক জিয়ার নেতৃত্বের প্রতি সাধারণ মানুষ আস্থাশীল। তাই ভোটাররা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ডা. কে এম বাবরকে জয়যুক্ত করবে এবং এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ