ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

ফেনী প্রতিনিধি: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের করা আপিল আবেদনটি নামঞ্জুর করার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আগের সিদ্ধান্তই বহাল রাখল কমিশন। আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা টিকে যাওয়ার খবরে সোনাগাজী ও দাগনভূঞার বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এর আগে আবদুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ও মামলার তথ্য গোপনের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। আপিল আবেদনে দাবি করা হয়েছিল, মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে যা তিনি হলফনামায় গোপন করেছেন। অভিযোগকারী উল্লেখ করেন, মিন্টু গত ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব প্রত্যাহারের দাবি করলেও তার সপক্ষে কোনো দালিলিক প্রমাণ দেননি। এমনকি গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে তিনি থাইল্যান্ড সফর করেছেন এবং ১৫ ডিসেম্বর একই পাসপোর্ট ব্যবহার করে দেশে ফিরেছেন। আপিলকারীর মতে, নাগরিকত্ব বাতিলের তথ্য সঠিক হলে এমন ভ্রমণ সম্ভব ছিল না। এছাড়া হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে।

তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এসব অভিযোগের বিপরীতে কার্যকর কোনো আইনি ভিত্তি খুঁজে পায়নি কমিশন। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য এবং দাখিলকৃত নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন বোর্ড আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা থাকল না। নির্বাচনের মাঠের গুরুত্বপূর্ণ এই প্রার্থীর প্রার্থিতা বহাল থাকায় ওই আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন