টেকনাফে নৌবাহিনীর বিশাল অভিযান: ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর বিশাল অভিযান: ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

সোমবার দুপুরে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) এক সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় নৌবাহিনী। মাদক কারবারিরা প্রথমে হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। নৌবাহিনীর বিশেষ দল নাটমুড়াপাড়া এলাকায় অবস্থান নিলে কারবারিরা রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে খালের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার বস্তাগুলো জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। বিশেষ করে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নৌবাহিনীর এই কর্মকর্তা।

জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে নৌবাহিনীর হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন