ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী বিভাগে হঠাৎ করে জ্বালানি তেলের (পেট্রোল ও অকটেন) তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, তবুও মিলছে না চাহিদামতো তেল।
রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। তেল পাওয়ার আশায় চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব স্টেশনে মজুত রয়েছে, সেখানেও রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।
নগরীর ভাটাপাড়ার এক বাসিন্দা জানান, তিনি তিনটি ফিলিং স্টেশন ঘুরে মাত্র ৮০০ টাকার পেট্রোল সংগ্রহ করতে পেরেছেন। কোথাও ২০০ টাকা আবার কোথাও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। প্রতিদিন যাতায়াতের জন্য বাইক ব্যবহারকারীরা ট্যাংক ফুল করতে না পেরে চরম বিপাকে পড়েছেন।
পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান:
“মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গত তিন দিন ধরে রাজশাহীর ২৭৯টি ফিলিং স্টেশন চাহিদার তুলনায় খুবই সামান্য সরবরাহ পাচ্ছে। ফলে পাম্পগুলো গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছে না।”
সংশ্লিষ্টরা জানান, তেলের সংকটের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে প্রয়োজন না থাকলেও অতিরিক্ত তেল কিনে বাড়িতে মজুত করার চেষ্টা করছেন, যা সংকটকে আরও প্রকট করে তুলেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পেট্রোল পাম্প মালিক সমিতি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ