আমেরিকার উসকানিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াচ্ছে: জমিয়ত

আমেরিকার উসকানিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াচ্ছে: জমিয়ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতৃবৃন্দ বলেছেন, আমেরিকার সরাসরি প্ররোচনায় ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বিশ্ব পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাতে ঢাকার আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত দলের ‘খাস কমিটি’র গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলা হয়।

  • ইসরায়েলি আগ্রাসন: নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার মূলে রয়েছে ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং আমেরিকার সমর্থন। ইরানে হামলার মাধ্যমে পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।

  • পাক-আফগান সম্পর্ক: বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের মধ্যকার সংকট নিরসনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • জরুরি যৌথ সভা: বর্তমান রাজনৈতিক ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামী ৯ মার্চ সোমবার দুপুর ১২টায় পল্টনের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আমেলা ও জেলা সভাপতি/সাধারণ সম্পাদকদের জরুরি যৌথ সভা আহ্বান করা হয়েছে।

  • নির্বাচনী প্রস্তুতি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জমিয়তের অংশগ্রহণের বিষয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারীসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন