ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের প্রথম বৈঠকেই নির্ধারিত হবে কে বসছেন স্পিকারের মর্যাদাপূর্ণ আসনে। ক্ষমতার কেন্দ্রে এখন সবচেয়ে বড় কৌতূহল—কে হচ্ছেন সংসদের এই অভিভাবক? নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের নাম এখন আলোচনায় সবচেয়ে এগিয়ে। প্রজ্ঞা, আন্তর্জাতিক ইমেজ এবং সংসদীয় আভিজাত্য—এই তিন সমীকরণে দলের একটি বড় অংশ তাকেই যোগ্যতম মনে করছে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, এবারের সংসদকে একটি ‘উচ্চমানসম্পন্ন’ ও ‘মার্জিত’ রূপ দিতে চায় দল। বিশেষ করে আন্তর্জাতিক মহলে সংসদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সংসদীয় বিতর্কে ভারসাম্য আনার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই নিরিখে ড. ওসমান ফারুকের প্রোফাইল সবচেয়ে জুতসই। বিশ্বব্যাংকের সাবেক এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং সাবেক শিক্ষামন্ত্রীর একটি আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে, যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সংসদের জন্য বাড়তি সম্পদ হতে পারে।
কিশোরগঞ্জের রাজনৈতিক জনপদেও ওসমান ফারুকের এই সম্ভাব্য মনোনয়ন নিয়ে বইছে আনন্দের হাওয়া। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতার রয়েছে বিশাল এক তৃণমূল ভিত্তি। হাওর অঞ্চলের মানুষ মনে করে, কিশোরগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলা থেকে একজনকে স্পিকার মনোনীত করা হলে তা হবে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান। তার মতো একজন সজ্জন এবং মার্জিত রুচির মানুষকে স্পিকার হিসেবে পাওয়া সংসদের জন্য হবে এক অনন্য অর্জন।
তবে এই দৌড়ে ওসমান ফারুক একা নন। আলোচনায় আরও অন্তত তিন হেভিওয়েট নেতার নাম রয়েছে। ছয়বারের সংসদ সদস্য এবং বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিজ্ঞতার বিচারে অত্যন্ত শক্তিশালী প্রার্থী। অন্যদিকে, নবম সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নামও জোরালোভাবে আলোচনায় আছে। সংসদীয় রীতিনীতি এবং ফ্লোর ম্যানেজমেন্টে তার দক্ষতা সংসদ পরিচালনায় কার্যকর হতে পারে। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামটিও দলের ভেতরে কেউ কেউ প্রস্তাব করছেন।
দলের ভেতরে অবশ্য ওসমান ফারুকের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে কিছুটা গুঞ্জন আছে। তবে সমর্থকদের মতে, স্পিকারের দায়িত্ব পালনের জন্য শারীরিক কসরতের চেয়ে প্রজ্ঞা, নিরপেক্ষতা এবং নিয়ম-কানুনের ওপর দখল বেশি প্রয়োজন। তারা মনে করছেন, ওসমান ফারুকের মার্জিত স্বভাব সংসদের ভেতর সরকারি ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে টনিকের মতো কাজ করবে। ১২ মার্চ অধিবেশনের শুরুতেই ভোটাভুটির মাধ্যমে নিশ্চিত হবে—কে হচ্ছেন ত্রয়োদশ সংসদের প্রথম অভিভাবক।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ