মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের মণিরামপুরে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মণিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক।

আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার চেতনার বীজ রোপিত হয়েছিল। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার মর্যাদা ও সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন