কালাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

কালাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই উপজেলায় গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশাত্মবোধের আবহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন এবং কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম সফল সংগ্রাম। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যেতে প্রেরণা জুগিয়েছিল। তারা আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন কেবল বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতার প্রতীকে পরিণত হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, “মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন