টাঙ্গাইলে টুকুর ‘আখেরি মিছিলে’ ধানের শীষের গণজোয়ার

টাঙ্গাইলে টুকুর ‘আখেরি মিছিলে’ ধানের শীষের গণজোয়ার

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিশাল ‘আখেরি মিছিল’ ও শোডাউন করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শহরজুড়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও এই আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

মিছিল শুরুর আগে সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু তাঁর দীর্ঘ রাজনৈতিক লড়াই ও কারাবরণের স্মৃতি চারণ করে বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও পাঁচ বছরের বেশি সময় কারাগারে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি। এত ত্যাগের বিনিময়ে আজ আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের সামনে দাঁড়িয়েছি।” টাঙ্গাইলবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে আবেগাপ্লুত হয়ে তিনি ঘোষণা দেন, “আজ থেকে আমি আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর কল্যাণে উৎসর্গ করে দিলাম। আমি কখনো অন্যায় করব না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেব না।”

টুকু জানান, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি যে সাত দফা দাবি উত্থাপন করেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সেই দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ধানের শীষ কেবল জিয়া পরিবারের প্রতীক নয়, এটি এখন দেশের অধিকারবঞ্চিত মানুষের মুক্তির প্রতীকে পরিণত হয়েছে।

বেলা সাড়ে ৩টা থেকেই পৌর উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের নিরালা মোড়, মেইন রোড, বড় কালিবাড়ি ও পুরান বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বড় বিজয় হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন