ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ওই শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
আক্রান্ত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে এবং ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিরোধপূর্ণ ওই জমিতে আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি গেলে স্বপন মোগল তাকে মারধর শুরু করে। মেয়ের চিৎকার শুনে বাবা আবু ছাঈদ মোগল তাকে বাঁচাতে এগিয়ে এলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কুপিয়ে ওই শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও কিরন মোগলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি উল্লেখ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ