যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ এলাকার শেখ সাহেব বাজার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় আত্মগোপনে রয়েছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শারমিন সুলতানা সর্মি পূর্বে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক মেহেদি হাসানের আদালতে জামিনের আবেদন পেশ করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষে জামিন আবেদন পরিচালনা করেন আইনজীবী মুরশেদ হোসেন শাহীন। শুনানিতে তিনি দাবি করেন, তাঁর মক্কেলকে 'মব' সৃষ্টি করে আটক করা হয়েছে, যা আইন ও সংবিধানপরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন। তবে সার্বিক শুনানি ও মামলার নথি পর্যালোচনা শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এআইএল/সকালবেলা