কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা: কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের সকল ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়।
অভিযানে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা