ফকিরহাটে পিকআপসহ ১১ গরু উদ্ধার, গ্রেপ্তার ৩
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাই গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ভোররাতে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট থানার একটি চুরির মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে একটি পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে তেরখাদার কাটেঙ্গা গ্রামে আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার এবং চোরচক্রের সহযোগী আরিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান শেখের বিরুদ্ধে হত্যা ও চুরি সহ মোট ৬টি মামলা, নাহিদ শেখের বিরুদ্ধে ৩টি এবং আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, গরু চুরির ঘটনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|