শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) এবং ছোট ছেলে সৌরভ সরকার (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কাজী বেনু মিয়ার কেটে রাখা একটি ডোবার পাশে বৃহস্পতিবার সকালে ফুটবল খেলতে যায় দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শৈলজুড়া গ্রামের বাতাস।
এআইএল/সকালবেলা
|