একদিনের ব্যবধানে একই সড়কে ঝরলো তিন প্রাণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
একদিনের ব্যবধানে একই সড়কে ঝরলো তিন প্রাণ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক দিন দিন যেন এক মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

গত মঙ্গলবার এই মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কবলে পড়ে দুই নারী মর্মান্তিকভাবে প্রাণ হারান। সেই শোকের রেশ কাটতে না কাটতেই গতকাল বুধবার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াছিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে একই মহাসড়কে তিনটি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে গভীর শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি, বেপরোয়া ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য করা এবং প্রশাসনিক কার্যকর নজরদারির অভাবে এই মহাসড়কে মৃত্যুর মিছিল থামছে না। বারবার দুর্ঘটনা ঘটলেও স্থায়ী বা দৃশ্যমান কোনো সমাধান মিলছে না।

এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কঠোর ট্রাফিক তদারকি, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতিসীমা নির্ধারণ ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত প্রশাসনিক অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন