ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২৩) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা এনায়েতের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যায় তাঁরা নওপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই ছিটকে সড়কের ওপর আছড়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। দুর্ঘটনায় চালক চয়নের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত নয়ন ও সিয়াম ওরফে সজিবকে জরুরি বিভাগে ভর্তি রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকতার হোসেন জানান, “সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি দুইজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।