এমপি নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের বৈঠক

এমপি নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের বৈঠক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।

মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে প্রায় এক ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মূলত হিন্দু সম্প্রদায়ের সাথে বর্তমান সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই ভারতীয় প্রতিনিধি দল এই সফরে আসেন। বিশেষ করে মৌলভীবাজারের চা-বাগান শ্রমিকদের জীবনমান ও তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।

 বৈঠক শেষে এম নাসের রহমান জানান, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ বিল উত্থাপনের পরিকল্পনা করছেন। তাঁর এই উদ্যোগে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, “এলাকায় মন্দিরগুলো অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করছেন শুনে সহকারী হাইকমিশনার আশ্বস্ত হয়েছেন।”

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে নাসের রহমান জোর দিয়ে বলেন:

“বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। এ দেশে কোনো হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুবার চিন্তা-ভাবনা করে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির ওপর নির্যাতনের যে খবর প্রচার করেছিল, সেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।”

বৈঠকে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ মৌলভীবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের উন্নয়নমূলক কাজে এবং সহযোগিতার প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। নাসের রহমান আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার ও বিএনপি শুধু হিন্দু নয়, বরং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে।

এ/সকালবেলা

মন্তব্য করুন