ঢাকার দুই সিটি নির্বাচন: প্রস্তুত বিএনপি ও ১১ দলীয় জোট

ঢাকার দুই সিটি নির্বাচন: প্রস্তুত বিএনপি ও ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে স্থানীয় সরকার নির্বাচন। গত দেড় বছরেরও বেশি সময় ধরে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে। এই অচলাবস্থা নিরসনে এবার সুখবর দিলেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি এবং সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রস্তুতি এখন তুঙ্গে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, ঢাকার দুই সিটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা করতে চায় দলটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আলোচনায় রয়েছেন গত নির্বাচনের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের। আব্দুস সালাম জানিয়েছেন, দলীয় মনোনয়ন পেলে তিনি অতীতের অভিজ্ঞতার আলোকে রাজধানী গড়তে চান। তাবিথ আউয়ালও তার নিজস্ব 'প্ল্যান' বাস্তবায়নে দলের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন।

সংসদ নির্বাচনে ঢাকার বেশ কিছু আসনে চমকপ্রদ ফল করায় এবার সিটি নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন দলটির উত্তর মহানগর আমির মো. সেলিম উদ্দীন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। দক্ষিণ সিটিতে জামায়াত বড় চমক দেখাতে পারে 'ডাকসু' ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার মাধ্যমে। এছাড়া এনসিপির পক্ষ থেকে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। ডিএসসিসি নির্বাচনে দলটির প্রার্থী হতে পারেন হাজী আব্দুর রহমান এবং ডিএনসিসিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট কমিশনের কাছে মজুত রয়েছে। সংসদ বসার পর স্থানীয় সরকার নির্বাচনের অর্ডিন্যান্স বা আইনের বিষয়টি চূড়ান্ত হলেই তফসিল ঘোষণা করা হবে। রমজানের পর মেলা শেষে ঈদের পর এই নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন