টুঙ্গিপাড়ায় জুলাই তোরণে অগ্নিসংযোগের ঘটনায় আসামি ৭৫

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জুলাই তোরণে অগ্নিসংযোগের ঘটনায় আসামি ৭৫

হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি (মামলা নম্বর: ০৫/০৮/২৬/(৫)) দায়ের করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত ও আহতদের স্মরণে গত ১ আগস্ট টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ নামাঙ্কিত তোরণটি নির্মাণ করে। তবে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই ওই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন লাগিয়ে দেয়। এতে স্মারক তোরণটির নিচের অংশ আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করে এজাহার জমা দেওয়া হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন