নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু শুক্রবার

নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। 

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

এদিকে, নির্বাচন কমিশন (ইসি) গত বুধবার (৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

আসন বণ্টনের বিষয়ে ইসি সচিব আরও জানান, বর্তমান সংসদের সংখ্যার ভিত্তিতে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন রাখা হয়েছে। সব মিলিয়ে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন