জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। 'দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে'—এই স্লোগানকে সামনে রেখে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব, বিকল্প ও বিনির্মাণের আদর্শ ধারণ করে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি সারা দেশজুড়ে দলটি ১০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গত বছরের এই দিনে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ সালে দলটি আত্মপ্রকাশ করে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করেছিলেন।

প্রতিষ্ঠার পর থেকে দলটি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করেছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমানে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করছেন। তবে প্রথম বছরের পথচলায় সংগঠনটি বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে এবং এই সময়ের মধ্যে দলটির চল্লিশের বেশি নেতা ঝরে পড়েছেন।

সব বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে এনসিপি ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। দলটির নেতারা জানিয়েছেন, এনসিপি কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একটি প্রতীক। আগামী দিনগুলোতেও রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন