অপ্রতীমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের
স্টাফ রিপোর্টার: সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি সামান্য বস্তুগত সম্পদের জন্য কোমলমতি শিশুকে ডেকে নিয়ে এভাবে হত্যা করা মানবিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ, যা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানায়। এ অপরাধে জড়িত মানুষরূপী হায়েনাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
তারা আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তাঁর একমাত্র সন্তানকে হারিয়েছেন—মায়ের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। অপরাধীরা যদি রেহাই পায়, তবে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
নেতৃবৃন্দ নিহত অপ্রতীমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এআইএল/সকালবেলা