মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও আইসিসিসিএডির মধ্যে সমঝোতা স্মারক সই
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন নিশ্চিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব বেবী রাণী কর্মকার এবং আইসিসিসিএডির পক্ষে রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভাইজার ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ। চুক্তিটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর আওতায় গ্রহণ করা কার্যক্রমের মাধ্যমে কার্যকর ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।
সমঝোতা অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কাজ করবে আইসিসিসিএডি। পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য আন্তর্জাতিক তহবিল থেকে প্রকল্প তৈরি ও অর্থায়নে কারিগরি সহযোগিতা এবং জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ)-এ অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
এআইএল/সকালবেলা