১২ বিঘা জমির পটলগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
১২ বিঘা জমির পটলগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় রাতের আঁধারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় অন্তত ১২ বিঘা জমির পটলগাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ১০ থেকে ১২ জন কৃষক তাঁদের কষ্টার্জিত ফসল হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পটলসহ কাটা লতাগুলো শুকিয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। কয়েক দিন আগেও যেখানে সবুজে ঘেরা পটলক্ষেত ছিল, সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, জমিতে সবেমাত্র ভালো ফলন আসতে শুরু করেছিল। প্রতি সপ্তাহে এসব জমি থেকে গড়ে ৪০ থেকে ৫০ মণ পটল সংগ্রহ করে বাজারে বিক্রি করে আসছিলেন তাঁরা। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও কৃষিঋণের কিস্তি পরিশোধের একমাত্র আশা ভরসা এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বলেন, "ধারদেনা করে সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করে চাষ করেছিলাম। ফসল বিক্রি করে ঋণ পরিশোধের আশা থাকলেও এক রাতেই সব শেষ হয়ে গেলো।" অপর কৃষক ইসরাফিলও একই দুঃখ প্রকাশ করে বিচার দাবি করেন।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন