কাউখালীতে ২৫ কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শুরু

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
কাউখালীতে ২৫ কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শুরু

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলা সদর থেকে সুগারমিল হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সরাসরি যোগাযোগের লক্ষ্যে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগের সড়ক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এ সড়ক নির্মিত হচ্ছে। ইতোমধ্যে কাজের প্রায় ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। সড়কটি চালু হলে কাউখালীবাসীর চট্টগ্রাম যাতায়াতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

তবে নির্মাণকাজের মান নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু অভিযোগ ওঠায় নিয়মিত তদারকি নিশ্চিত করার তাগিদ দিয়েছে এলাকাবাসী। অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের দাবি, উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে একটি চক্র অপপ্রচার ও হয়রানি চালাচ্ছে।

রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সরোয়ার জানান, কাউখালী-সুগারমিল সড়কটির কাজ গুরুত্বের সাথে মনিটরিং করা হচ্ছে। মৌখিক কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কারিগরি মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন