ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলাকে (৫০) গ্রেপ্তার করেছে কসবা থানা-পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পৌর এলাকার শাহপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মাওলা শাহপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে এবং কসবা পৌরসভার সাবেক মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী একাধিক মামলার তালিকাভুক্ত আসামি গোলাম মাওলা দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, বিশেষ অভিযানে কসবা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা