জামায়াত দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীকে দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) একটি দৈনিকের সঙ্গে এক বিশেষ কথোপকথনে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি বলেন, "জামায়াত মূলত একটি সেক্যুলার দল এবং তারা সেক্যুলারদের মতোই চিন্তাভাবনা প্রকাশ করে। দলটির রাজনীতিতে স্পষ্ট দ্বিমুখী নীতি রয়েছে। তারা সাধারণ মানুষের কাছে ইসলামের কথা বললেও, নিজেদের নির্বাচনী ইশতেহারে শরিয়াহ আইন বা ইসলামী হুকুমত কায়েম না করার প্রতিশ্রুতি দেয়। তাই তারা দেশ ও দ্বীন উভয়ের জন্যই অকল্যাণকর।"
এর আগে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জমিয়ত সভাপতি উল্লেখ করেন, জামায়াত যেন কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, সেই লক্ষ্যেই তাঁরা অতীতে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন।
জামায়াতের ধর্মীয় দর্শনের সমালোচনা করে তিনি আরও বলেন, "ইসলাম সম্পর্কে জামায়াতের কোনো মৌলিক গভীর ধারণা নেই। মওদুদী সাহেবের (সৈয়দ আবুল আলা মওদুদী) লেখা কয়েকটি বই-ই তাদের জ্ঞানের মূল উৎস। সেখানে কোরআন, হাদিস বা ফিকহের প্রকৃত চর্চা অনুপস্থিত। ইসলামের কর্মসূচির বিচারে আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জামায়াতের কোনো পার্থক্য নেই। যারা জামায়াতে যোগ দিয়েছে, তারা মূলত ভুল বুঝে কিংবা বিভ্রান্ত হয়েই সেখানে গেছে।"
সূত্র: কালবেলা
এআইএল/সকালবেলা
|