পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি: ফিরছেন ৭০ বিদ্রোহী প্রার্থীও
নিজস্ব প্রতিবেদক: গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের পুনরায় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ মেটানো এবং সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এই কৌশলগত উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে।
দলীয় সূত্রমতে, বহিষ্কৃত নেতাদের অনেকেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।"
নড়াইল জেলা বিএনপির নেতা মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে রিজভী আরও বলেন, "মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। জোটের কারণে হয়তো তাকে নড়াইল-২ আসনে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিএনপি চেয়ারম্যান বিবেচনা করেছেন।"