গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ণ
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে জড়ো হলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই এসব এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে নানা দাবিদাওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। অনেক শ্রমিক নির্ধারিত সময়ে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তাঁরা একজোট হয়ে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সড়কের ওপর অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

খবর পেয়ে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উদ্ভূত শ্রমিক অসন্তোষ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে চলমান অসন্তোষের কারণে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।

এআইএল/সকালবেলা