পাঁচবিবিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মহীপুর ভাসানী স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মহীপুর ভাসানী স্মৃতি সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আবু চৌধুরী বলেন, মওলানা ভাসানী ছিলেন বলেই আজ মহীপুরের মাটি আলোকিত হয়েছে। তাঁর উদ্যোগ, অবদান ও দূরদর্শিতার কারণেই মহীপুর আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ভাসানীর স্মৃতিবিজড়িত এই জনপদের সঙ্গে জয়পুরহাটের মানুষের আবেগ, গৌরব ও ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মওলানা ভাসানী নিজে তা স্থাপন না করে একজন আদিবাসী শ্রমিকের হাত দিয়ে করিয়েছিলেন। এর মাধ্যমে শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর সম্মানবোধ এবং সাম্যের আদর্শের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল।
চেয়ারম্যান আবু চৌধুরী স্মৃতিচারণা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইবার জয়পুরহাট সফর করেছিলেন এবং উচাইয়ের মাটিতেও তাঁর আগমন ঘটেছিল। সে সময় মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মহীপুর কলেজকে জাতীয়করণ করেন। মহীপুরের ঐতিহাসিক প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো আজও ভাসানীর অবদানের সাক্ষ্য বহন করছে। বর্তমানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মানুষ মহীপুর হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিচ্ছেন। এসব অর্জন ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা স্থানীয় মানুষের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরতে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডা. রেজাউল হক, আটাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, উচাই মডেল পরিবেশ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং ভাসানী স্মৃতি সংসদ ও পাঠাগারের সদস্য আব্দুর রাজ্জাক লালনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে উপস্থিত প্রায় দুই হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এআইএল/সকালবেলা