আওয়ামী সহিংসতা রাজনৈতিকভাবেই মোকাবিলার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরকে দেশে ফেরার সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করার পর থেকেই সহিংস অবস্থানে নেমেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
উদ্ভূত পরিস্থিতিতে এসব নৈরাজ্য ও সহিংসতা মোকাবিলায় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী বলেন, "প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। মানবিক বাংলাদেশের জনগণের সুবিধার্থে যেসব কাজ করা প্রয়োজন, সেসব কাজ করার নির্দেশনা তিনি স্বেচ্ছাসেবক দলকে দিয়েছেন। সন্ত্রাস কারও জন্যই কাম্য নয়। যারা সন্ত্রাস করছে, তাদের জন্যও এটি কাম্য নয়। কারণ, এর ফলে তাদের পরিবারও ভোগান্তির শিকার হচ্ছে। হয়তো কোনো নেতা কাউকে বলছেন, 'তুমি ওই জায়গায় আগুন লাগিয়ে দাও।' কিন্তু সেই ব্যক্তির পরিবার যখন ভোগান্তির শিকার হয়, তখন ওই নেতা আর পাশে থাকেন না।"
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, "ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সজাগ ও সচেতন থাকব। কোনো সন্ত্রাসীকে রাস্তায় পেলে তার পরিণতি করুণ হবে। যারা দূর থেকে মানুষকে পুড়িয়ে মারার নির্দেশনা দিচ্ছেন, তাঁদের যারা এখানে রয়েছেন, তাদের প্রত্যেকেই বিপদে পড়বেন।"
বিএনপির শীর্ষ নেতারা স্পষ্ট করেছেন, আওয়ামী লীগের সহিংসতার বিপরীতে কোনো ধরনের সহিংসতা নয়, বরং নিয়মতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব অপতৎপরতা মোকাবিলা করবেন তাঁরা।
এ প্রসঙ্গে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, "আমরা কারও বাড়িঘরে আগুন দিতে রাজি নই, এমন কাজ করবও না। আমাদের মধ্যে মানবিকতা রয়েছে। আমরা রাজপথে আমাদের সাংগঠনিক শক্তি নিয়েই অবস্থান করছি এবং থাকব। পুরো ডিসেম্বর মাসজুড়েই আমাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।"
শুধু বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই নয়, দলীয় সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন জানান, কেবল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই নয়, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের হাইকমান্ডের কঠোর নির্দেশ রয়েছে—কোনোভাবেই বিএনপির কোনো নেতাকর্মী যেন সহিংসতা বা বিশৃঙ্খলায় না জড়ায়।