দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া: কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৮ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. বিল্লাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. হানিফ (২৭) নামের অপর এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে এবং মো. হানিফ কুমিল্লার চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদের ছেলে।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মো. সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং একটি সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা